শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুরের কোতোয়ালি থানার গিলাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একটি মাদক চালানের সঙ্গে কিছু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বিজিবির একটি চৌকস টহলদল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ কোতোয়ালি থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় অবস্থান নেয়। পরে সাড়ে তিনটার দিকে বাংলাদেশের অভ্যন্তরে গিলাবাড়ী এলাকায় কয়েকজন চোরাকারবারীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। টহলদল তাদের ঘেরাও করার জন্য অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ছয়টি মালামাল ভর্তি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল।
এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, অত্র ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত এলাকাকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।