শিরোনাম

দিনাজপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় সাংবাদিকদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।
আজ সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে নির্বাচন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী।
সভায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভাবেই এ পেশাকে কলুষিত করা যাবে না।
সাংবাদিকতা করতে গেলে এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি নিষেধ অনুসরণ করে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে। তবেই সাংবাদিকদের কোনো দায় থাকবে না এবং ঝুঁকিমুক্ত অবস্থায় সাংবাদিকতা করা সম্ভব হয়।
তিনি তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন করা এক ধরনের অপরাধ হবে বলে অবহিত করেন। এ জন্য প্রত্যেক সাংবাদিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রত্যেককে প্রেস কাউন্সিলের পক্ষ হতে সনদপত্র প্রদান করা হয়।