বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে তরুণ-তরুণীদের এসি-ফ্রিজ সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

বান্দরবান, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন’-এর আওতায় তরুণ-তরুণীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এক মাসব্যাপী এসি ও ফ্রিজ মেরামত এবং সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার সকালে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। 

এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। 

বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, টিটিসির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি যুব সমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, বান্দরবান সেনা জোনের এ উদ্যোগ জেলার যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।