বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:২১

প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্পের পণ্য ব্যবহারের আহ্বান

ছবি : বাসস

বান্দরবান, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার বর্জন করে নিজ হাতে তৈরি বাঁশ, বেত ও প্লুনজাতীয় কুটির শিল্পের পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তৈরি কুটির শিল্পের পণ্য শুধু তাদের জীবিকার মাধ্যম নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় এসব শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

জেলার থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। 

নিজেদের তৈরি পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা গেলে একদিকে যেমন দেশীয় কুটির শিল্প রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ ও প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।