শিরোনাম

দিনাজপুর, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : দিনাজপুরে সংসদ সদস্য (এমপি) সাদিক রিয়াজ পিনাক চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হরিবাসর পরিদর্শন করেছেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
আজ রোববার দুপুরে দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মনিপুর হরিবাসর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, এ দেশে সকলের সমান অধিকার রয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় সব উৎসব পালন করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে নিরাপদ একটি বসবাসযোগ্য দেশ গড়ে তুলতে আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরী বলেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করাই তাঁর মূল লক্ষ্য। সনাতন ধর্মের মানুষরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব ও ধর্মীয় আচার পালন করতে পারেন সে বিষয়ে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, মনিপুর হরিবাসর কমিটির সভাপতি শ্রী রামাধর রায়, সাধারণ সম্পাদক শ্রী অরবিন্দ সরকার, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।