বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

প্রশিক্ষণের জন্য রাঙামাটিতে এপিসি আনা হয়েছে, গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

রাঙামাটি, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার বিভিন্নস্থানে বাংলাদেশ পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি চলাচলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে রাঙামাটি জেলা পুলিশ।

গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই মূলত এই এপিসিগুলো রাঙামাটিতে আনা হয়েছে।

আগামী ১৫ দিন রাঙামাটি জেলার বিভিন্নস্থানে এই প্রশিক্ষণ পরিচালিত হবে এবং কাজ শেষে আনুমানিক দুই সপ্তাহ পর এগুলো ঢাকায় ফিরে যাবে।

জেলা পুলিশ আরও জানায়, এগুলো স্থায়ীভাবে মোতায়েন বা কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় আনা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের সাঁজোয়া যানগুলোর অবস্থান দেখা যায়।

যানগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শহরে বড় এসব যান দেখে নানা ধরনের গুজব ডালপালা মেলতে শুরু করে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ।

এ বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বাসসকে বলেন, রাঙামাটিতে যানগুলো প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। এগুলো সাজেক, আরশি নগর, পুলিশ লাইন্সসহ শহরের বেশ কিছু এলাকায় প্রশিক্ষণের জন্য ব্যবহার হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমদের আহ্বান থাকবে মানুষ যেন গুজবে কান না দেয়।