বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

কোস্টগার্ডের অভিযানে ২০০ বস্তা সারসহ আটক ৩

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মিয়ানমারে পাচারকালে নগরীর হালিশহর থানার দবিরখাল এলাকা থেকে ২২০ বস্তা সার, ১টি ট্রাকসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস, চট্টগ্রাম। অভিযানে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ২২০ বস্তা সার ও পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা ২২০ বস্তা সারের মোট ওজন ১১ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।