শিরোনাম

সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, কুশখালি, কালিয়ানী ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলা মক্তোব মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মক্তোব মোড় নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা নামক স্থান হতে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে।