বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

নাটোরে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট সংরক্ষণ কার্যক্রম শুরু

ছবি : বাসস

নাটোর, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল তিনটায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের ট্রেজারিতে স্থাপিত পোস্টাল ব্যালটের ভোট কেন্দ্রে ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট নির্ধারিত বক্সে ফেলা হয়।

পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।  

আজ নাটোর-২ সংসদীয় আসনে প্রাপ্ত ৯৬টি পোস্টাল ব্যালট এবং নাটোর-৪ সংসদীয় আসনে প্রাপ্ত ১৮৩টি পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়। গতকাল নাটোর-২ আসনে ৬৩টি এবং নাটোর-৪ আসনে ৪৫টি পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়।

পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন জানান, জেলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট সংরক্ষণের উদ্দেশ্যে মোট ৩০টি ব্যালট বক্স স্থাপন করা হয়েছে। এর মধ্যে নাটোর-১ আসনের জন্য সাতটি, নাটোর-২ আসনের জন্য নয়টি, নাটোর-৩ আসনের জন্য ছয়টি এবং নাটোর-৪ আসনের জন্য আটটি। প্রতিটি ব্যালট বক্সে পোস্টাল ব্যালটের ধারণ ক্ষমতা ৪০০টি করে।

ব্যালট বক্স স্থাপনকালে চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অথবা তাদের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে প্রতিটি ব্যালট বক্সে চারটি করে নিরাপত্তা সিল বা লক করা হয়েছে। ঐসব লক নম্বর প্রার্থী বা তাদের প্রতিনিধিবৃন্দ সংরক্ষণ করবেন। প্রতিটি ব্যালট বক্স পূর্ণ হলে আরো একটি লক অর্থাৎ পঞ্চম লক করা হবে। গণনাকালে প্রার্থীদের পোলিং এজেন্ট ঐসব লক মিলিয়ে দেখবেন বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মোট ১১ হাজার ১১১ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে নাটোর-১ আসনে দুই হাজার ৭৯৫ জন, নাটোর-২ আসনে তিন হাজার ৩৩৬ জন, নাটোর-৩ আসনে দুই হাজার ১০২ জন এবং নাটোর-৪ আসনে দুই হাজার ৮৭৮জন।

জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন বাসস’কে বলেন, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত ডাকঘরের মাধ্যমে কিউআর কোডযুক্ত খামে প্রাপ্ত ব্যালট পেপারসমূহ এসব ব্যালট বক্সে সংরক্ষণ করা হবে। ভোট গণনার দিন বিকেল সাড়ে চারটার পরপর এসব ব্যালট বক্সের ভোট গণনা শুরু করা হবে। প্রতিটি আসনে পোস্টাল ব্যালটের ভোট গণনার জন্য একজন করে প্রিজাইডিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা নিয়োজিত থাকবেন।