বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

বড়াইগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ছবি : বাসস

নাটোর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক হাজার ৬০৯ জন ভোট গ্রহণ কর্মকর্তার তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার বনপাড়া সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। ৯৯টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তারা পর্যায়ক্রমে এ কর্মশালায় অংশ নেবেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই। নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশাবাদী।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দুইটি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৫০০ সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার পোলিং অফিসার অংশগ্রহণ করছেন।