শিরোনাম

।। হাবিবুর রহমান।।
ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে বিশ্বের ১২৩টি দেশের ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
এরমধ্যে সৌদি আরবসহ ২০টি দেশ থেকে ৯৬ শতাংশ প্রবাসী ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, এই ২০টি দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা বৃদ্ধি করে ভবিষ্যতে পোস্টাল ভোটের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে।
ইসির তথ্য অনুযায়ী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত মোট প্রবাসী ভোটারের সংখ্যা (ওসিভি) ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। সৌদি আরব থেকে নিবন্ধনকারী অনুমোদিত ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। যা মোট প্রবাসী ভোটারের ৩৫ শতাংশ বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ১০টি দেশ থেকে প্রায় ৭৫ ভাগ ভোটার আবেদন করেছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
ইসির কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে প্রবাসী ভোটার বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সৌদি আরবে ভোটার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হলে ভবিষ্যতে প্রায় ৫০ শতাংশ প্রবাসী ভোটার একমাত্র সৌদি আরব থেকেই হতে পারে।
এছাড়া ওমান থেকে ৫৬ হাজার ৬৬ জন নিবন্ধিত অনুমোদিত ভোটারের প্রায় ৮০ ভাগ ভোটারের ভোট দেশে ফেরত এসেছে। এক্ষেত্রে ওমানের সিস্টেম সঠিকভাবে কাজ করেছে। ভবিষ্যতে পোস্টাল ভোটের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
ইসির তথ্য অনুযায়ী, ২০ দেশের মধ্যে মালয়েশিয়া থেকে অনুমোদিত নিবন্ধিত ভোটার ৮৪ হাজার ১৯৫ জন, কাতার থেকে ৭৫ হাজার ৮৮৬ জন, ওমান থেকে ৫৬ হাজার ৬৬ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৩১৮ জন, কুয়েত থেকে ৩৫ হাজার ২৬২ জন, যুক্তরাজ্য থেকে ৩২ হাজার ৩০৫ জন, যুক্তরাষ্ট্র থেকে ৩০ হাজার ৭৯৯ জন, ইতালি থেকে ২৪ হাজার ৩৭৬ জন, বাহরাইন থেকে ১৯ হাজার ৬৭৮ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৭৬৫ জন, কানাডা থেকে ১৪ হাজার ৬২৩ জন, দক্ষিণ কোরিয়া থেকে ১০ হাজার ৯১৬ জন, অস্ট্রেলিয়া থেকে ১১ হাজার ১১৪ জন, মালদ্বীপ থেকে ৯ হাজার ২০ জন, জাপান থেকে ৮ হাজার ৫২৫ জন, ফ্রান্স থেকে ৮ হাজার ৩৭৮ জন, পর্তুগাল থেতে ৮ হাজার ২২১ জন, জার্মানি থেকে ৬ হাজার ৬২ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৫ হাজার ৩৫০ প্রবাসী ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেন।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৮০ জন। এক্ষেত্রে প্রায় ৭০ দশমিক ৯৫ শতাংশ পোস্টাল ভোট কাস্ট হয়েছে।
তিনি আরো জানান, রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ টি প্রবাসীর পোস্টাল ভোট। যা মোট প্রবাসী ভোটের প্রায় ৬৫ শতাংশ। অপরদিকে রিটার্নিং অফিসার ৪ লাখ ৯৮ হাজার ২০৫ প্রবাসীর পোস্টাল বৈধ ভোট হিসেবে গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান বলেন, সৗদি আরবসহ ২০টি দেশে প্রায় ৯৬ শতাংশ প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন করেন। এছাড়া ১০টি দেশ থেকে প্রায় ৭৫ ভাগ ভোটার আবেদন করেছে। এগুলো আমাদের ফোকাস এরিয়া। এই ২০টি দেশ যাতে একটা সিস্টেমের মধ্যে থাকে সামনে সেভাবে প্ল্যান করতে হবে।
তিনি বলেন, শুধু সৌদি আরবেই ৩৫ শতাংশ ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। এখানে ভোটার বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সৌদি আরবে ভোটার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হলে প্রায় ৫০ শতাংশ প্রবাসী ভোটার একমাত্র সৌদি আরব থেকে হতে পারে।
তিনি জানান, ওমান থেকে ৫৬ হাজার ৬৬ জন নিবন্ধিত অনুমোদিত ভোটারের প্রায় ৮০ ভাগ ভোটারের ভোট দেশে এসেছে। এক্ষেত্রে ওমানের সিস্টেম সঠিকভাবে কাজ করেছে। ভবিষ্যতে পোস্টাল ভোটের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে। অন্য সব দেশ থেকে এই হারে প্রাবাসীর ভোট দেশে আসেনি। এভাবে তথ্য বিশ্লেষণ করলে অনেক কিছ্ইু পাওয়া যাবে।
সালীম আহমাদ বলেন, এসব দেশে ভোটার নিবন্ধন বৃদ্ধি, এনআইডি সেবাসহ আন্যান্য সুবিধা বৃদ্ধি করতে হবে। এছাড়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ সব সময় সতেজ রাখতে হবে। প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে দেশের সঙ্গে যাতে দ্রুত যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। এই অ্যাপ থেকেই প্রবাসীরা জানতে পারবেন এনআইডি নিবন্ধন প্রক্রিয়া চলছে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে দেশের সব খবরাখবর সময় মতো প্রবাসীদের জানানো যাবে।
তিনি বলেন, সামনে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন নির্বাচন হবে। এসব নির্বাচনে যখনই পোস্টাল ভোটের সিস্টেমটা প্রবেশ করবে। তখন পোস্টাল ভোটের হার অনেক বেড়ে যাবে এবং এতে পোস্টাল ভোট আরো কার্যকর হবে।
সালীম আহমাদ খান বলেন, ভবিষ্যতে সরকারী কর্মকর্তা কর্মচারিদের নির্ভরশীল ভোটার, প্রবীণ নাগরিক, শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তি, গণমাধ্যমকর্মী পোস্টাল ভোটে অন্তর্ভূক্ত হতে পারে। এই বিষযগুলো আইনের মধ্যে আনতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে কারা পোস্টালে ভোট দিতে চান সে বিষয়ে একটা সুযোগ রাখা যেতে পারে।
তিনি আরো বলেন, দেশে প্রায় কয়েক লাখ গণমাধ্যমকর্মী রয়েছে তাদেরও পোস্টাল ভোটের আওতায় আনা যেতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত অনুমোদিত মোট ভোটার ১৫ লাখ ২৮ হাজার ভোট ১৩১ জন। এরমধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধিত অনুমোদিত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার (অনুমোদিত) নিবন্ধন করেন।