শিরোনাম

নাটোর, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত চারদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে তিনটায় জেলা পরিষদ মিলনায়তনের গ্যালারিতে বই মেলা উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
বিশ্বসাহিত্য কেন্দ্র নাটোর জেলা শাখার সংগঠক সুবিধ কুমার মৈত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম।
মেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক আটহাজার বই প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এ মেলায় ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইনচার্জ আল মামুন জানান, বইমেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
মেলাতে শিক্ষার্থীদের জন্যে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।