বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৮:৫৪

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়া, ২ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে তারা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) দুপুরে তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে কেন্দ্রীয়ভাবে তাকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বগুড়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলও আজ দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেন, অতীতে ভোটাররা প্রতারিত হয়েছেন। এবার তারা পরিবর্তন চান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।