বাসস
  ১৩ মার্চ ২০২৬, ২৩:৪৭

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

সিলেট, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত ১৫-১৬ বছর বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল শেখ হাসিনার সঙ্গে। আমরা ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সাস্টেইনেবল করতে হলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকতে হয়। 

আজ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এই ক্ষেত্রে অবশ্য চ্যালেঞ্জ আছে। তাদের দেশে (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টেকসই হবে না। এই বিষয়টি নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আপত্তি নাই।’

জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকে কিনবে সরকার। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র আমাদের তালিকায় নেই।’

হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রবাসীদের ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থাসহ সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।

এই সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।