শিরোনাম

সাতক্ষীরা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, কুশখালি, হিজলদী ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার নদীর পাড় নামক স্থান হতে পেট্রোল এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালে সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৫১ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।