বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৯:২৪

বাংলাদেশ-আর্জেন্টিনা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও আর্জেন্টিনা আজ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধি এবং ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে উপদেষ্টা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে আর্জেন্টিনার সমর্থন কামনা করেন।