শিরোনাম

সাতক্ষীরা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সদর উপজেলার ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এ সময় সাতক্ষীরা সেনাক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।