শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাবটি গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
গত ১৭ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকে এই অভিনন্দন প্রস্তাবটি গৃহীত হয়। পরবর্তীতে গত ২৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি সকলের অবগতির জন্য বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়। প্রস্তাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়, অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে গত ১৩ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত সংহতি ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। বাংলাদেশের এই অর্জন দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অভিনন্দন প্রস্তাবে আরও বলা হয়, ঐতিহাসিক এই জয়ের ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয়। তানজিদ হাসানের শত রান এবং দলের সম্মিলিত ব্যাটিং পারফরম্যান্স এই লিড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, বোলিং বিভাগে মোট ৯টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন হাসান মাহমুদ এবং দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করেন মেহেদী হাসান মিরাজ।
খেলার সব বিভাগেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে বলে খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। মন্ত্রিসভা দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।