শিরোনাম

বাগেরহাট, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।