বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী নানা আয়োজন

ছবি : বাসস

বান্দরবান, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচি।

আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান রাজারমাঠে জাতীয় পতাকা ও ধর্মীয় ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ।

পরে উৎসব অঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর গীতা পাঠ করেন ধর্মযাজক প্রদর্শন দেবনাথ।

এ সময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ জেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মহামাঙ্গলিক আয়োজনে প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার ভোরে মহানামযজ্ঞ শুরু হবে। একই দিন জন্মাষ্টমী উপলক্ষে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

শনিবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী এই বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব।