শিরোনাম

বাগেরহাট, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বাগেরহাট কেবি মাছ বাজারে কেবি আড়তদার সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবিদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন বাগেরহাট-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুজ্জামান শিমুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবাল এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফাইজুল হক মন্টু।
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন—তিনি এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়তে চাই। খালেদা জিয়ার আদর্শেই আধুনিক বাগেরহাট গড়বো।
তিনি আরও বলেন, সরকার গঠন করলে খেলার মাঠ উন্মুক্ত করা, আধুনিক ফিশ প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে মৎস্যখাতের উন্নয়ন এবং জেলে ও শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার অর্থনৈতিক পুনর্বাসন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে জনগণের অধিকার পুনরুদ্ধারের সুযোগ উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাগেরহাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে বঞ্চনার শিকার এই জেলাকে বাংলাদেশের একটি মডেল জেলায় পরিণত করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন কেবি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বেলাল হোসাইন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।