বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

ভোলায় দুই মাদক কারবারি আটক

ভোলা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা,গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম আজ সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৯৫০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার চরছিফলি গ্রামের আনসারের পুত্র কবির হোসেন (৫০) এবং  একই উপজেলার চর সামাইয়া গ্রামের কাঞ্চন মিজির পুত্র মো. সোলাইমান (২৮)। 

মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন,‎ মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।