বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বিষয়ক সভা

ছবি : বাসস

বরিশাল, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজনন ও বিস্তার রোধে জেলা পর্যায়ে ‘ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন অংশীজন ও সম্প্রদায়ের সম্পৃক্ততামূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। 

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, মশার প্রজনন ও বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ানোর পর ওই মশা অন্য সুস্থ ব্যক্তিকে কামড়ালে ডেঙ্গু ছড়ায়। তাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশার বিস্তার রোধ করা। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং অন্তত তিন দিন পরপর জমে থাকা পানি অপসারণ করতে হবে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করতে হবে।

তিনি বলেন, একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন এবং পরবর্তী সংক্রমণে শারিরীক ঝুঁকি বাড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যক্তি নিজেকে ঝুঁকিমুক্ত মনে না করে সতর্ক থাকতে হবে। এসময় তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের চিকিৎসাসেবার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন।

জেলা তথ্য অফিসের পরিচালক অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল ও খুলনা বিভাগের ইউনিসেফের প্রধান মোহাম্মদ কাওসার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল। 

জেলা তথ্য অফিসের পরিচালক বলেন, জেলা তথ্য অফিসের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রান্তিক এলাকার মানুষের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি জনগণের চাহিদা সরকারের কাছে পৌঁছে দেয়া। 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিস দীর্ঘদিন ধরে ইউনিসেফের সহযোগিতা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিভিল সার্জন অফিসের রিপোর্ট অনুযায়ী যেসব এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় বিশেষভাবে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।