বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:০১

কুড়িগ্রামে নির্বিঘ্নে ঈদ উদযাপনে প্রশাসনের নানা উদ্যোগ

ছবি: বাসস

কুড়িগ্রাম, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বাজার মনিটরিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ ঈদে জেলার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আব্দুল ওয়াদুদ মণ্ডল, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ঈদ সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, ঈদগাহ ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি অব্যাহত থাকবে। যাতে করে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন এবং নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার সকল মানুষ যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় ঈদ উপলক্ষে জেলার সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।