বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৪:৩১

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বর থেকে কিশোরীদের একটি বাইসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। ছবি: বাসস

নীলফামারী, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে কিশোরীদের একটি বাইসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়।

বেসরকারি সংস্থা টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ইউএসএস,  ব্র্যাক, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশন ও ডেমোক্রেসী ওয়াচ যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।

সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আকতারুল আলম। বক্তৃতা দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, সনাক সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, তৃপ্তী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জোনাল ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকুল বর্ম্মন, গুড নেইবারস সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, ইয়েস দলনেতা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। 

আজ সকালে জেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ফিসারিজ কোয়ারেণ্টাইন কর্মকর্তা আঙ্গুরী বেগম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায়, সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজন কিশোর-কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে নীলফামারী পৌরসভার উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডেমক্রেসী ওয়াচের আয়োজনে জেলা নাগরিক প্লাটফরমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।