বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

মোংলায় অসহায় ও দুস্থদের মাঝে মাংস বিতরণ

ছবি : বাসস

বাগেরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাটের মোংলায় ১৪শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)।

শুক্রবার বিকেলে পৌর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে দুস্থ নারী-পুরুষের হাতে মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাংস বিতরণকালে অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৫টি গরু জবাই দিয়ে তার মাংস এখানকার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেছি। ‘সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।’ 

তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর প্রোটিনের অভাব মেটাতে এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।