বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

সুনামগঞ্জে জলাভূমি সম্পদের ব্যবহার বিষয়ক পরামর্শ সভা 

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহার বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউস মিলনায়তনে টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা কমিটি ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান, রিসোর্স ম্যানেজম্যান্ট এডভাইজার মোহাম্মদ ফজলে আরাফাত, ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক শাহেদা বেগম। 

এ সময় জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

উম্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরও তৎপর হতে হবে। ফসল রক্ষা বাঁধ দেওয়ার সময় হাওরে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে যাতে হাওরের মাছ ও জলজ উদ্ভিদ বিনষ্ট না হয়। পাশাপাশি পলি মাটি জমে হাওরের খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় সেগুলো খনন করা প্রয়োজন।