বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ভোলা-১ সদর আসনে জামায়াত প্রার্থী নজরুল 

ভোলা-১ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ছবি: বাসস

ভোলা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ভোলা-১ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ভোলাবাসীর মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেছেন। নদী ভাঙন রোধে টেকহই বেড়িবাঁধ নির্মাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেবেন বলে জানান।

ভোলা-১ সদর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

অধ্যক্ষ মো. নজরুল ইসলাম সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলামের বড় ছেলে। ওই ইউনিয়নে অবস্থিত মৌলভীর হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ তিনি। ছাত্রজীবন থেকেই তিনি প্রথমে ইসলামী ছাত্র শিবির ও পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি দলের ভোলা জেলা নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন। ইসলামী রাজনৈতিক দলের এ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার সাক্ষাৎকার নিয়েছেন ভোলা জেলা সংবাদদাতা আল-আমিন শাহরিয়ার।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কী?

মো.নজরুল ইসলাম: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার আসনের অবহেলিত সকল নারী-

পুরুষের মৌলিক সমস্যগুলোর সমাধান করব। বিশেষ করে এখানকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে একেবারেই বঞ্চিত। তাই ভোলায় বিশ্বমানের একটি হাসপাতাল নির্মাণ করব। জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভোলা-বরিশাল সেতু। আর তাই আমাদের দলের আমীরে জামায়াত এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সেতুটি নির্মিত হলে ভোলার সাথে চট্রগ্রামের একটি কানেক্টিভিটি হবে। জাতীয় অর্থনীতিতে গতির সঞ্চার হবে। 

তাছাড়া আমি নির্বাচিত হলে দক্ষ বিশেষজ্ঞদের পরিকল্পনার মাধ্যমে নদী ভাঙ্গন রোধে টেকশই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেবো।

বাসস: নির্বাচনী আচরনবিধি পালনো নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি?

মো. নজরুল ইসলাম: এটা শুধু আমার নির্দেশনা নয়, এ বিষয়ে আমাদের আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের নির্দেশনা খুবই সু-স্পস্ট। তিনি নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। আচরণবিধি পালন না করলে আসন্ন নির্বাচন অর্থবহ হবেনা। আমাদের দলের নেতাকর্মী সকলেই নির্বাচনী আচরণবিধি পালন করছে। তাছাড়া নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা তা মেনে ২০ টি প্রচার বিলবোর্ড-ই টাঙ্গিয়েছি।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

মো. নজরুল ইসলাম: জুলাই বিপ্লবের সনদ নিয়ে আমরা যদি ‘হ্যাঁ’ ভোট না দেই, তাহলে এ বিপ্লব অর্থবহ হবেনা। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই প্রচারণা চালাচ্ছে।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী?

মো. নজরুল ইসলাম: আমার প্রত্যাশা হলো-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেনো উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিতে পারেন। এ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা-ই করছি।

দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোলা সদরের প্রতিটি পাড়া মল্লায় প্রচার প্রচারণা চালাচ্ছি। প্রতিদিন হাজারো মানুষ জামায়াতে ইসলামীর দিকে ধাবিত হচ্ছে। তাই আগামী নির্বাচনে ভোলা সদর আসনটি জামায়াতে ইসলামী বিজয়ী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন দলের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।