শিরোনাম

ভোলা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): অবহেলিত ভোলার মানুষের ৬ দফা মৌলিক দাবি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো.ওবায়েদুর রহমান। তিনি নির্বাচিত হলে অতীতের মত জেলার উন্নয়ন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করবেন বলে জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।
ভোলা-১ সদর আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো.ওবায়েদুর রহমান। ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত এ নেতা বর্তমানে দলের কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের এ্যাসিস্টেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন নির্বাচন ঘিরে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ভোলা জেলা সংবাদদাতা আল-আমিন শাহরিয়ার।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কি?
মো. ওবায়েদুর রহমান: এলাকাবাসীর জন্য আমার প্রতিশ্রুতি হচ্ছে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। আমি এই এলাকার মানুষ। এই জনপদে আমার জম্ম। এখানকার মাটির সাথে আমার বেড়ে উঠা।
আমি নির্বাচিত হলে এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে বসে থাকবোনা। আমি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নসহ স্বাস্থ্যসেবার দিকে নজর দিব। ভোলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছি, নির্বাচিত হলে উন্নয়ন দৃশ্যমান করতে কাজ করবো ইনশাআল্লাহ।
বাসস: নির্বাচনী আচরনবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি?
মো. ওবায়েদুর রহমান: ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সু-শৃঙ্খল দল। আমাদের দলের নেতাকর্মীরা সর্বদাই নির্বাচনী আচরণবিধি মেনে চলে থাকেন। তবুও এবারের নির্বাচনে আচরণবিধি মেনে চলতে আমরা সতর্ক। আমি আমার দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে নির্দেশনা দিয়েছি।
বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি?
মো.ওবায়েদুর রহমান: জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রয়েছি। জুলাই বিপ্লবে আমাদের শত শত ভাই-বোন শহীদ হয়েছেন। হাজারো মানুষ আহত ও বিকলাঙ্গ হয়েছেন। একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় অসংখ্য মানুষ জীবন হারিয়েছেন। আমরা তাদের সেই আত্মত্যাগকে ভূলে গেলে চলবেনা। তাই আমরা দলের নেতাকর্মীদের নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছি। আমাদের একটি কথা ভূলে গেলে চলবেনা যে, গণভোটের ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য বৃথা যাবে।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কি?
মো. ওবায়েদুর রহমান: আমার প্রত্যাশা হলো-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেনো উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। অতীতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই আমরা আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোলা সদর আসনে মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
ভোলা সদর-১ আসনটি ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮৬৪ জন। এরমধ্যে-পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৪০, নারী ভোটার-১ লাখ ৮৪ হাজার ৬২০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। তথ্য অনুযায়ী এবার নতুন ভোটারের সংখ্যা-১ লাখ ৭ হাজার ৯৯৭ জন।