বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় সিকদার পরিবহনের একটি বাসের ধাক্কায় এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিক (৩২) সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা এবং মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসা করতেন।   

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আতিক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বাসসকে জানান, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।