শিরোনাম

লালমনিরহাট, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় সারের মজুত, বিক্রি ও পরিবহনে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ডিলার ও এক অবৈধ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা.আজিজা বেগম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক।
অভিযানে মেমো সংরক্ষণ না করা, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিনির্দেশবহির্ভূতভাবে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সার পরিবহনের সময় এক অবৈধ ব্যবসায়ীকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ৫ বস্তা ডিএপি সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম বাসসকে বলেন, ‘কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত মূল্যে ও নিয়ম মেনে বিক্রি হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রশাসনের এ ধরনের অভিযান সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।