বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০

বগুড়ায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ১

বগুড়া, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শাজাহানপুর উপজেলায় আজ অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ নুরু বাহিনীর সদস্য ও শীর্ষ সন্ত্রাসী আতিক হাসান (৩০)-কে আটক করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শাজাহানপুর উপজেলার সাবরুল ইউনিয়নের বাগিনাপাড়া গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানকালে অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। 

আটককৃত আতিক জেলার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরুর নেতৃত্বাধীন ‘নুরু বাহিনী’র সক্রিয় সদস্য।

অভিযানকালে আতিক সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে ব্রিটিশ বুলডগ মডেলের একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, দু’টি ম্যাগাজিন এবং ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, আটককৃত আতিকের বিরুদ্ধে অস্ত্র, হত্যা চেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একটি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।