বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২

দুই আসনের নির্বাচন : রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ 

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনার জন্য  রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসনের নির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং শেরপুর জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। 

এছাড়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের জন্য বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং সদর উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। 

অপরদিকে শেরপুর-৩ আসনে শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।