বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

নির্বাচনি ছুটি শেষ : বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

ছবি : বাসস

বগুড়া, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনি আমেজ কাটিয়ে আবারও যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার মানুষ। গত দু’দিন ধরে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, এবারের যাত্রীর চাপ গত ঈদুল ফিতরের ভিড়কেও ছাড়িয়ে গেছে।

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে ঠনঠনিয়া স্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আবু বকর সিদ্দিক। তিনি ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। গত ৮ তারিখ নিজ বাড়িতে আসেন তিনি। 

আবু বকর সিদ্দিক বাসস’কে জানান, ‘ছুটি শেষ, এখন কাজে ফিরতে হচ্ছে। তবে ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ নেই; সচরাচর যে ভাড়ায় যাতায়াত করি, এবারও নির্ধারিত সেই ভাড়াই নেয়া হচ্ছে’।

এদিকে যাত্রীদের চাপের সুযোগে কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে,এমন গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন বাস কাউন্টার সংশ্লিষ্টরা। ঠনঠনিয়া স্ট্যান্ডের চাঁদনী ট্রাভেলসের জেনারেল ম্যানেজার মাহমুদুল করিম তানসেন বাসস’কে জানান, গত দু’দিন যাবৎ অত্যন্ত ভালো ব্যবসা হয়েছে। 

তিনি বলেন, ‘ঈদের সময়ের চাইতেও এখন যাত্রীর চাপ বেশি। তবে আমরা বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না। আমাদের নির্ধারিত ৫৫০ টাকাই রাখা হচ্ছে’। তবে কিছু লোকাল গাড়ি ৬শ’ থেকে ৭শ’ টাকা ভাড়া আদায় করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সরেজমিনে দেখা গেছে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী যাত্রীদের কর্মস্থলে ফেরা এখন পর্যন্ত বেশ আরামদায়ক রয়েছে।