শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী এই দুই আসনের আগামী ২৬ চৈত্র, ৯ এপ্রিল বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসন হইতে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটারগণকে নির্বাচন কমিশন আহ্বান জানাইতেছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করিতেছে।’
অপরদিকে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ১৪৫ শেরপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত নির্বাচনি এলাকা হইতে ১(এক) জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানাইতেছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নলিখিত সময়সূচি ঘোষণা করিতেছে।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনি (ত্রয়োদশ জাতীয় সংসদ) সময়সূচি ঘোষণার পর ইতঃপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এই দুটি আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ সোমবার পর্যন্ত। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মার্চ।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬ থেকে ১০ মার্চ। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ। ভোটগ্রহণ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।