শিরোনাম

বরগুনা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার ও ভোটের সরঞ্জাম বুঝে নিয়েছেন।
বুধবার দিবাগত রাতে ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
নির্বাচন উপলক্ষে জেলা রিটানিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বরগুনার ছয়টি উপজেলা নিয়ে দুটো নির্বাচনী আসন। জেলায় দু’টি আসনে মোট ভোট কেন্দ্র ৩১২ টি। বরগুনা-১ আসনে ১৯০ টি কেন্দ্রে একহাজার ১৩৩ টি ভোট কক্ষ এবং বরগুনা-২ আসনে ১২২টি ভোট কেন্দ্রে ৭৪১ টি ভোট কক্ষ রয়েছে। জেলায় মোট ভোটার ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। তাদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন পুরুষ, ৪ লাখ ২৭ হাজার ১৩০ জন নারী, ১৫ জন হিজড়া ও ১১ হাজার ২৫৮ জন পোস্টাল ভোটার।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১০৯ নং (বরগুনা-১) আসন। এ আসনে ২ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন নারী ও ১১ জন হিজড়া, ৬ হাজার ২৮৭ জন পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন।
বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১১০ নং (বরগুনা -২) আসন। এ আসনে ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন পুরুষ ভোটার, একলাখ ৬৮ হাজার ৫৫৪ জন নারী ভোটার ও চারজন হিজড়া এবং ৫ হাজার ১ জন পোস্টাল ভোটার সহ মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন।