বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮

ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন

ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ সেপ্টেম্বর,২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় জাতি আজ ঐক্যবদ্ধ। তবুও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই।

তিনি বলেছেন, সরকার জনগণের স্বাস্থ্য সেবাসহ জীবনমানের উন্নয়নে পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি জনগণের সরকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সরকার।

শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে তারা এই দেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না। দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না। এসময় তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে।

তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ জাতি ও দেশ গঠনে যেসব পরিকল্পনা সামনে নিয়ে আসছেন, তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের উচিত একসঙ্গে কাজ করা।

এরআগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র সভাপতি এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।