বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২৩:০৭

গণভোট বাতিল নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ছবি: পিআইবি

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : গণভোট বাতিল হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গণভোট বাতিল হওয়ার দাবিগুলো সত্য নয়। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। ভবিষ্যতে এটির কোনো ব্যবহার না থাকায় অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা হচ্ছে না। অধ্যাদেশ বাতিলের ফলে গণভোট বাতিল হয়ে যাচ্ছে না বা অবৈধ হচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত  ‘গণভোট অধ্যাদেশ’ সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিলকে গণভোট বাতিল হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তই ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।