বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:০৮
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:৩৬

পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : পুরোনো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের বলে প্রচার শনাক্ত করা হয়েছে। গাইবান্ধায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ও  ধর্ষণের পর নির্যাতন! - এমন দাবি করে ভিডিওটি ফেসবুকে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে নুসরাত তানজুম নামের এক নারীর ফেসবুক লাইভের। শ্বশুর বাড়িতে কলহের জেরে এই নারী নিজেই নিজের মাথায় আঘাত করেন বলে সে সময় তিনি বাংলাফ্যাক্টকে জানিয়েছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সে সময় বাংলাফ্যাক্ট ভিডিওটি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।