বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:০৫
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:৩৬

ভারতের ঘটনার ভিডিও বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনাকে বাংলাদেশে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক।’ এ দাবি করে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শিক্ষককে ঘুষি মারার এই ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনা। সেখানে দশম শ্রেণির এক ছাত্রকে শিক্ষক তিরস্কার করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ওই ছাত্র শিক্ষককে ঘুষি মারে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।