শিরোনাম

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি বিএনপিকে দোষারোপ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দেশীয় অস্ত্রধারী দুইজনের হামলা থেকে বাঁচতে এক ব্যক্তি এক নারীর আড়ালে লুকানোর চেষ্টা করছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান বিএনপি সরকারের আমলের নয়। অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই ব্যক্তির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এটি সেই ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।