শিরোনাম

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সাতক্ষীরায় মব করে শিক্ষককে অবসরে পাঠানোর দাবিটি ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’।
ফ্যাক্টওয়াচ জানায়, সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান মবের শিকার হয়ে বাধ্যতামূলক অবসরে গিয়েছেন দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, তার নাম মুজিবুর রহমান, এটাই তার অপরাধ। এই সময় ভয়ে তার পাশে সহকর্মীরা না দাঁড়ালেও কান্নায় ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুজিবুর রহমানকে ঘিরে শিক্ষার্থীরা কান্নাকাটি করছে। এই সময় মুজিবুর রহমানকেও আবেগাপ্লুত দেখা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বাধ্যতামূলক অবসরে যাওয়ার দাবিটি সঠিক নয়। তিনি স্বাভাবিকভাবেই অবসরে যান।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। এটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান। ফ্যাক্টওয়াচ নিয়মিত অপতথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।