শিরোনাম

খুলনা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বঙ্গোপসাগরে বিকল হয়ে পড়া ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে টহলকালে পাওয়া তথ্যের ভিত্তিতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা ‘এফবি নাঈম’ নামে একটি মৎস্য ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী জাহাজ পদ্মা।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতিতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করে। রাত প্রায় সাড়ে দশটায় বানৌজা পদ্মা সফলভাবে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকালে নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
এ ছাড়া, মাছ ধরার সময় আহত একজন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেই বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরে অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ডের আউটপোস্টের নিকট নিরাপদে নিয়ে যায়। পরে ট্রলারসহ উদ্ধারকৃত ১২ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের ভাষ্যমতে, ট্রলারটি গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি ১২ জন জেলেসহ বঙ্গোপসাগরে ভাসতে থাকে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যেও সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয় নৌবাহিনী।