বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন : নুরুল ইসলাম নয়ন, এমপি

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। ফাইল ছবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চিকিৎসাসেবার মানোন্নয়নে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, গ্রাম-গঞ্জের সাধারণ ও দরিদ্র মানুষই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বেশি আসেন। তাদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন অবহেলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর দিতে হবে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি আজ এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দরিদ্র মানুষ দূরের বড় হাসপাতালে যাওয়ার সামর্থ্য রাখেন না। ফলে উপজেলা পর্যায়ের হাসপাতালেই তাদের চিকিৎসার প্রধান ভরসা। এ কারণে এসব হাসপাতালে চিকিৎসার পরিবেশ, ওষুধ সরবরাহ, রোগীদের খাবার এবং সার্বিক সেবার মান উন্নত করা জরুরি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করতে হবে। রোগীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। একই সঙ্গে হাসপাতালে আগত রোগীদের যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান উন্নত করার নির্দেশ দেন তিনি।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি হাসপাতালে শুধু চিকিৎসক ও ওষুধ থাকলেই হবে না; রোগীবান্ধব পরিবেশও নিশ্চিত করতে হবে। রোগীরা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে চিকিৎসা নিতে পারেন, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত নজর দিতে হবে।

নুরুল ইসলাম নয়ন বলেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের বরাদ্দ ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এসব সুযোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করা গেলে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসার জন্য জেলা বা রাজধানীমুখী হওয়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব হবে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষÑসকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

সংসদ সদস্য বলেন, চরফ্যাশনের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকেও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের চিকিৎসা, খাবার, ওষুধ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।