বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

দেশের মানুষকে বাঁচাতে খাল-নালা পরিষ্কার রাখতে হবে: হুমাম কাদের চৌধুরী

ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, আমাদের বাঁচলে হলে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা রোগের উৎপত্তিস্থল নোংরা খাল ও নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।

আজ শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে মৃতপ্রায় কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সাড়ে ছয় শতাধিক কর্মী অংশ নেন।

হুমাম কাদের বলেন, জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হলেও খালগুলো পরিষ্কার রাখা জরুরি।

স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের সেরা সন্তান এই ছেলেমেয়েরা। কারণ এরা কোনো টাকা-পয়সা বা স্বীকৃতি চায় না। তারা নিজ ইচ্ছায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে। আবার যখন মাঠে নামতে হবে, নেমে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবকরা কোনো কাজ অর্ধেক করেন না। পুরো কাজ শেষ করে তারপরই যান।’

পরিচ্ছন্নতা নিশ্চিতে পূর্বে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা ব্যবহার করেননি।

তিনি আরও বলেন, ‘যেহেতু বিনামূল্যে দেওয়া হয়, দেখতে সুন্দর এবং নতুন ছিল-সেজন্য ডাস্টবিনগুলো কেউ ব্যবহার করছিল না। আশপাশে ময়লা ফেলত, কিন্তু ভেতরে ফেলত না।’

এ অভিজ্ঞতা থেকে এবার পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্মসূচিতে বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রবি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় তাদের টিম রয়েছে।

তিনি বলেন, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী বিডি ক্লিনের কার্যক্রম দেখে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন করার বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন। পরে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচির পরিকল্পনা করা হয়।