শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শামসুন নাহার হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাবা আহমেদ ইশতিমাম চ্যাম্পিয়ন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাহিদা সুলতানা রানার আপ হয়েছে। এছাড়া, হলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত বিভাগের শেখ জেরিন শবনম চ্যাম্পিয়ন এবং একই বিভাগের পূর্বা সরকার রানার আপ হয়েছে। বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের হাবিবা আক্তার ইমি চ্যাম্পিয়ন এবং ভাষাবিজ্ঞান বিভাগের সাদিয়া ইসলাম শশী রানার আপ হয়েছে।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।