বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিদের মানবপ্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান ঢাবি কোষাধ্যক্ষের

ছবি : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সংকটময় বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সুফি সাধকদের মানবপ্রেমের বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া জরুরি।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) যৌথভাবে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সুফি সংস্কৃতির চর্চা ও গবেষণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন কোষাধ্যক্ষ। 

তিনি বলেন, এ ক্ষেত্রে মাওলানা জালালুদ্দীন রুমি, হাফিজ শিরাজী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবপ্রেমের দর্শন বড় ভূমিকা রাখতে পারে। এ সময় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে গবেষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান অধ্যাপক জাহাঙ্গীর।

উদ্বোধনী পর্ব শেষে সম্মেলনের বুকলেট এবং সুফি কবি ফরিদউদ্দিন আত্তারের বিখ্যাত গ্রন্থ ‘মুসিবতনামা’র বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন করা হয়। 

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২২ জন শিক্ষার্থী ও গবেষকের সম্মিলিত প্রচেষ্টায় গ্রন্থটির ২২টি গল্প গদ্যরূপে বাংলায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন।

এতে স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মুহসীন উদ্দীন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী।

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন বাহরাইনের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।

সভাপতির বক্তব্যে ড. মুমিত আল রশিদ ফারসি, আরবি, বাংলাসহ বিভিন্ন ভাষা ও সাহিত্য বিভাগের মধ্যে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী পর্ব শেষে অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফেইরোজ আসাদ আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সুফিবাদের ধর্মতাত্ত্বিক, সামাজিক ও সাহিত্যিক প্রভাব নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।