শিরোনাম

যশোর, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে আয়োজিত উদ্বোধনী দিনে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সেবার মান উচ্চপর্যায়ের এবং এ বিভাগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী দিনগুলোতে থাকছে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারবিষয়ক প্যানেল আলোচনা, মূল অনুষ্ঠান, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে সেবা ক্যাম্প এবং প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান।