শিরোনাম

ঝালকাঠি, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে আজ জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন টাস্কফোর্স কমিটির এ সভায় সভাপতিত্ব করেন।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম মজুমদার প্রমুখ সহ সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক পরিস্থিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরেপড়া রোধ, শিক্ষার মান নিয়মিত মনিটরিং, বিদ্যালয়ের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পাঠদানের গুণগত মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।