শিরোনাম

রাজশাহী, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত কমিউনিটি সংলাপে এ দাবি করেন বক্তারা।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন,পূর্বের থেকে বর্তমানে নারীরা অনেক এগিয়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। তবে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই নারীদের ভূমিকা রয়েছে।
মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
বর্তমান সরকার নারীদের সুরক্ষায় ও উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে কেবল আইনি সুরক্ষা নয়, প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র—সর্বত্র নারীর জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশে নারীরা এখন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানেও এগিয়ে আসছেন। তবে এখনো অনেক ক্ষেত্রে মজুরি বৈষম্য এবং সাইবার বুলিংয়ের মতো চ্যালেঞ্জ বিদ্যমান। এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, বিডোর নির্বাহী পরিচালক আমিনুল ইসলামসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন কর্মী এবং নারী নেত্রীরা। এই সংলাপের আয়োজন করে বরেন্দ্র ইকোনোমিক ডেভেলপমেন্ট অঅর্গানাইজেশন (বিডো)।